ভূমি সমস্যার সমাধানে চাই আইন সংস্কার

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:০২
ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেছেন, মান্ধাতার আমলের ভূমি আইন সংস্কার প্রয়োজন। ঔপনিবেশিক সরকারের আমলে ধনী ও জমিদারদের স্বার্থে এই আইন প্রণীত হয়েছিল। এসব আইন সংস্কার ছাড়া ভূমি সমস্যার সমাধান সম্ভব নয়। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘খাসজমিতে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর অভিগম্যতা, বিদ্যমান বাধাসমূহ ও উত্তরণে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল সংলাপে মন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি সংস্থা কেয়ার এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। বিশেষ অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, কৃষকদের খাসজমি দখলে এক ধরনের প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতায় আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে সবাই শামিল হবেন। তিনি বলেন, দখলবাজদের দল নেই। যখন যে দল ক্ষমতায় আসে, ভূমিদস্যুরা সেই দলের সমর্থক বনে যায়। প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের মধ্যে খাসজমি সঠিকভাবে বণ্টনের ক্ষেত্রে নীতিমালা আছে। কিন্তু তা বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্বই বড় বাধা। বেশিরভাগ আবাসন প্রতিষ্ঠান ভুয়া কাগজপত্র তৈরি করে জমির একটা বড় অংশ দখল করে আছে। অনেক ক্ষেত্রে সহকারী কমিশনারও ভূমিদস্যুদের সহায়তা করে থাকেন। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন বেসরকারি সংগঠন এলএআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, উন্নয়ন অন্বেষার চেয়ারপারসন রাশেদ আল মাহমুদ প্রমুখ।