সংসদের আর্থিক নজরদারি খুবই গুরুত্বপূর্ণ :স্পিকার

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:০২
সরকারের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে এমন তিনটি সংসদীয় কমিটিকে নিয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। এর উদ্বোধন করে প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের টাকা জনগণের কল্যাণে সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করার বিষয়ে জাতীয় সংসদের আর্থিক নজরদারি খুবই গুরুত্বপূর্ণ। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করে সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিও প্রকল্প। স্পিকার বলেন, আর্থিক নজরদারি সংক্রান্ত কমিটি ছাড়াও জাতীয় সংসদের প্রত্যেকটি স্থায়ী কমিটি শক্তিশালীকরণের মাধ্যমে সংসদীয় জবাবদিহিতা আরো জোরদার করা সম্ভব। তিনি বলেন, সরকারের আর্থিক কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি (পিএসি), সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি (পিইউসি) ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি (ইসি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ তিনটি স্থায়ী কমিটির দায়িত্ব সঠিকভাবে পালন এবং কমিটির কার্যক্রমে আরো গতিশীলতা নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে কমিটিগুলো আরও শক্তিশালী করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। সংসদ সচিব মো. মাহ্ফুজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এমএ মান্নান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুসলিম চৌধুরী। এছাড়াও অক্সফোর্ড পলিসি ম্যানেজম্যান্ট লিমিটেডের লিড ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট মেক্স ব্রেডফোর্ড ও ইন্টারন্যাশনাল কনসালটেন্ট নেইল জনস্টন, এসপিও প্রকল্পের প্রকল্প পরিচালক এএসএম মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি, এসকে আবু বাকের এমপি ও মো. রফিকুল ইসলাম এমপি।