স্থানীয় ও জাতীয় নির্বাচনে হিজড়াদের প্রতিনিধি রাখার দাবি

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:০৩
দেশের হিজড়াদের নাগরিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে হিজড়াদের প্রতিনিধিত্ব রাখার দাবি করা হয়েছে। তাছাড়াও জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকারসহ ৮ দফা দাবি করেছে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন। গতকাল জাতীয় প্রেসক্লাবে ফাউন্ডেশন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ সকল দাবির কথা তুলে ধরে। সাংবাদিক সম্মেলনে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবিদা সুলতানা মিতুর সভাপতিত্বে লিখিত দাবিনামা পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক জাফর আহমেদ। তিনি বলেন, দেশে বার লক্ষ হিজড়া রয়েছে। তাদের নানামুখী সামাজিক প্রতিকূলতা দূর করা প্রয়োজন। এ সকল প্রতিকূলতার জন্য তারা পেশায় জড়িত হতে পারছে না। কিছু হিজড়া জীবন-জীবিকার জন্য সেজে-গুজে প্রমদবালাবেশে রাস্তায় ঘুরে বেড়ায়। তাদের কাছে একশ্রেণির মানুষ ছুটে আসে। কিন্তু হিজড়ারা যৌন প্রতিবন্ধী হওয়ায় তারা তাদের অত্যাচার করে। তাই মানুষ হিসেবে হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসনসহ হিজড়াদের সামাজিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পদক্ষেপ নেয়া জরুরি। এজন্য হিজড়াদের সঠিক পরিসংখ্যান এবং ব্যাংক-বীমাসহ সকল রকম প্রতিষ্ঠানে পুনর্বাসনের জন্য হিজড়া কল্যাণ তহবির গঠনের দাবি জানানো হয়। অনুষ্ঠানে হিজড়া ফাউন্ডেশনের সভাপতি বিউটি বেগম, সাংগঠনিক সম্পাদক লুত্ফর রহমান ফটিক প্রমুখ উপস্থিত ছিলেন।