শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়ে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগপত্র দিয়েছেন ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি। শনিবার দুপুরে রিটার্নিং অফিসার মোস্তফা ফারুকের কাছে মনির পক্ষে অভিযোগপত্র জমা দেন নির্বাচন পরিচালনা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিবুজ্জামান কচি। অভিযোগপত্রের সাথে গতকাল একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনের ফটোকপি সংযুক্ত করা হয়।
‘নির্বাচনী প্রচারণায় প্রতিমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, কেসিসি’র ১২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও তার সাথে থাকা লোকজন মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের তালা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম ও ঐ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পারভিন আক্তার উপস্থিত ছিলেন। এর মাধ্যমে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধিমালা ১৪ (ক) ও ১৫ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমীন মল্লিক জানান, অভিযোগপত্র পাওয়ার পর প্রতিমন্ত্রীর সাথে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে যাওয়া দুই কাউন্সিলর প্রার্থীকে আমরা কারণ দর্শাও নোটিস দিয়েছি। ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
মনির গণসংযোগ
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি গতকাল শনিবার নগরীর বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, সঠিক সিদ্ধান্তের সময় এসেছে। খুলনাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মহানগরী হিসাবে গড়ে তুলতে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
সকাল ৭টায় তিনি নগরীর শান্তিধাম মোড় থেকে শুরু করে ২৩ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও তাদের খোঁজ-খবর নেন। এ সময় তার সঙ্গে মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টায় মেয়র প্রার্থী মনির সঙ্গে বাগেরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দ নগরীর হাজী মুহাম্মদ মুহসিন রোডস্থ ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রধান নির্বাচনী কার্যালয়ে সাক্ষাত্ করেন। পরে খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মশিউর রহমান, বাগেরহাট জেলা বিএনপি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, বাগেরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দ মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনিকে নিয়ে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চাঁনমারী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে করেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ নগরীর কেডিঘোষ রোড, কালিবাড়ী রোড, ক্লে রোড, বড় বাজার ও বার্মাশীল রোড এলাকায় গণসংযোগ করেন। এবং মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
