ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া খালে এলজিইডির একটি সেতু পুনঃনির্মাণ না করায় ১৫ বছর যাবত্ এলাকার জনগণ চরম ভোগান্তির শিকার। ফলে কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল বহন করতে প্রায় ২০ কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়। জানা গেছে, উপজেলার লস্করদিয়া, শংকরপাশা ভায়া হাটকৃষ্ণপুর, ভবুকদিয়াসহ বিভিন্ন এলাকা যাতায়াতের গুরুত্বপূর্ণ এলজিইডির জিসিসির সড়কের শ্রীরামদিয়া খালে ১৯৮৮ সালে একটি সেতু নির্মাণের পর সড়কটি উক্ত এলাকার জনগুরুত্বপূর্ণ হয়ে উঠে। উক্ত সেতু ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় পানির স্রোতে ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এপার-ওপারের মানুষ বাধ্য হয়ে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে কোন রকমে যোগাযোগ রক্ষা করে।
পরবর্তীতে সাঁকোটি নষ্ট হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা আবারো ভেঙ্গে পড়ে। কাজী আবুল কালাম চেয়ারম্যান নির্বাচিত হয়ে, নিজ অর্থায়নে পুনরায় একটি নতুন বাঁশের সাঁকো নির্মাণ করেন। উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, স্কীম পাঠানো হয়েছে অনুমোদন হয়ে এলে ব্যবস্থা নেয়া হবে।
