মতলবে ৪০ হাজার মণ আলু বিনষ্টের আশংকা

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৩
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মার্শাল হিমাগারে (মার্শাল আইস এন্ড কোল্ডস্টোরেজ) ছাদের একটি অংশ গত শুক্রবার বিকেল থেকে ধসে পড়েছে। এতে ৪০ হাজার মণ আলু বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক কষক ক্ষতিগ্রস্ত হবে বিধায় তারা চরম হতাশায় পড়েছে। সরেজমিনে দেখা যায়, মার্শাল হিমাগারের দুই নম্বর চেম্বারের একাধিক পিলারের ছাদের ভিম ধসে বৃষ্টির পানিতে ২০ হাজার বস্তা আলু ভিজে গেছে। হিমাগারের তাপ নিয়ন্ত্রণে না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে যাবে বলে মনে করছে ভুক্তভোগীরা। হিমাগারের দু’টি চেম্বারে প্রায় ৪০ হাজার বস্তা আলুর মধ্যে একটি চেম্বারের আলু ক্ষয়ক্ষতি হয়েছে। হিমাগারের ম্যানেজার আনোয়ার হোসেন জানান, ছাদে ফাটল বন্ধ করার আপ্রাণ চেষ্টা চলছে। গ্রাহকরা যাতে ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যবস্থা নেয়া হচ্ছে।