কিশোরগঞ্জের ভৈরবে ভাসমান ব্যবসায়ীদের মাসব্যাপী তাঁতবস্ত্র মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীরা অর্ধদিবস ধর্মঘট পালন করেছে।
শুক্রবার এ ধর্মঘটের ডাক দেয় ভৈরব বাজারের ক্ষুদ্র ও মাঝারি পোশাক ব্যবসায়ীরা। সকাল ৯টায় বিভিন্ন পোশাক সমিতির লোকজন খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্থানীয় শহীদ মিনারে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
ছবিঘর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এম,এ লতিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভৈরব পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ, ছবিঘর সপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পৌর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাচ্চু মিয়া প্রমুখ। এসময় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, ভৈরব চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর, ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু ও আওয়ামী লীগ নেতা সাবেক কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, গত বছরও ভৈরবে এ মেলা এক মাসের জন্য অনুমোদন নিয়ে পৌনে দুই মাসের উপরে চলে। তাঁতবস্ত্র মেলা হলেও এ মেলায় সিরামিক, জুতা, নিম্নমানের খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রকারের জিনিসপত্র বিক্রি করায় একদিকে সাধারণ ত্রুেতা প্রতারিত হচ্ছে অপরদিকে নিম্নমানের জিনিসপত্র কম দামে বিক্রি করায় ভাল মানের মালামাল নিয়ে হিমসিম খেতে হচ্ছে।
