ব্রাজিলিয়ান কিশোরদের দক্ষতায় মুগ্ধ ওয়ালকট

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৪
ফুটবলের দেশ ব্রাজিল। আর বল পায়ে ব্রাজিলিয়ানরা ফুটবলকে পরিণত করেন শিল্পে। প্রীতি ম্যাচে অংশ নিতে ব্রাজিল গিয়ে কথাটা নতুন করে স্মরণ করিয়ে দিলেন ইংলিশ তারকা থিও ওয়ালকট। কোপাকাবানা সৈকতে বল পায়ে ব্রাজিলিয়ান শিশু কিশোরদের কারুকাজ দেখার পর ওয়ালকটের উপলব্ধি, তারা এমন কিছু ব্যাপার জানে, যা ওয়ালকট নিজেও জানেন না! কথাটা যে ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি তার মুগ্ধতারই বহি:প্রকাশ তাতে কোন সন্দেহ নেই। তবে একটু পরেই কথাটার ব্যাখ্যাও দিয়েছেন এই তরুণ উইঙ্গার,‘আমি বলবো না যে আমরা পিছিয়ে আছি। তবে এটা সত্যি রবিবারের(আজ) প্রীতি ম্যাচে আমাদের সামর্থ্যের পরীক্ষা দিতে হবে।’ ব্রাজিলিয়ান ফুটবলের পাশাপাশি ওয়ালকট মুগ্ধ ব্রাজিলের প্রাকৃতিক সৌন্দর্যেও। তাই মাঠের কাজটা শেষ করে আবারো এখানে আসার প্রতিশ্রুতি দিলেন তিনি,‘ব্রাজিলের বিভিন্ন অংশে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটা আসলেই দারুণ। এখানে আবারো আসার ব্যাপারে আমি আশাবাদী। তবে তার আগে মাঠে নিজেদের প্রমাণ করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে আজ নিজেদের কাজটা ঠিকভাবে করা। আপনি এখানে আসলেই বুঝতে পারবেন, ফুটবলের জন্য এখানকার পরিবেশটা কেমন।’