মিঠাপুকুরের পদাগঞ্জে জমেছে আমের হাট

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৪
আমের জন্য বিখ্যাত মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জে জমে উঠেছে আমের হাট। প্রতি শনি ও মঙ্গলবার সকালে বসে এই হাট। সরেজমিনে পদাগঞ্জ এলাকায় গিয়ে দেখা গেছে, আশ-পাশের আম ব্যবসায়ীরা সপ্তাহে দুইদিন সকালে হাটে আম নিয়ে আসেন। বিক্রিও হয় প্রচুর। দেশের দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এই হাটে আম কিনতে আসেন। ফরমালিনমুক্ত দেশীয় আম কিনতে পেরে ব্যবসায়ীরা বেজায় খুশি। এই আমের হাটের সুনাম ছড়িয়ে পড়েছে চারদিকে। আগাম এই আমের হাটের আয়োজন করেছেন খোড়াগাছ ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌস হোসেন ফিদ্দু। স্থানীয় আম ব্যবসায়ী রমজান আলী, আইয়ুব আলী, বাবু মিয়া, রেজাউল হক বানু, জাহাঙ্গীর আলম ফরমালিনমুক্ত দেশীয় আম নিয়ে এসেছেন হাটে। তারা জানান, জাত অনুযায়ী প্রতিমণ আম ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। দৈনিক একজন ব্যবসায়ী ২-৩ মণ আম বিক্রি করে থাকেন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রামের ব্যবসায়ী মমিনুর রহমান পদাগঞ্জ হাটে আম কিনতে এসেছেন। তিনি জানান, এখানে ভাল এবং সুস্বাদু আম পাওয়া যায়। তাই আমি প্রতি হাটে আম কিনতে আসি। ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে আমের হাট। হাটের আয়োজক ফেরদৌস হোসেন ফিদ্দু মিয়া বলেন, পদাগঞ্জকে দেশের সর্বত্র পরিচয় করিয়ে দেয়ার জন্য আমের হাটের আয়োজন করা হয়েছে। হাটবার ছাড়াও প্রতিদিনই আমের বাজার বসে। কেনাবেচাও হয় প্রচুর পরিমাণে।