পীরগাছায় পুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৫
রংপুরের পীরগাছা থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) অপসারণের দাবিতে গতকাল শনিবার সকালে বিক্ষোভ করেছে স্থানীয় সাংবাদিক ও ভুক্তভোগীরা। স্থানীয় প্রেসক্লব চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে ওই কর্মকর্তার ২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানানো হয়। উল্লেখ্য, পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উেকাচ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। রংপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ করলেও গত এক মাসেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার অপসারণের দাবিতে উপজেলায় বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। পীরগাছা থানার বর্তমান পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম পীরগাছা থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। পাশাপাশি ভারতীয় পণ্যের অবাধ কেনা- বেচা, জুয়া, মাদক ব্যবসার প্রসার ঘটে। পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলমের দুর্নীতি-অনিয়মের বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন।