নেত্রকোনা-২ আসনে বিএনপির প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৭
আগামী সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা-বারহাট্টা) আসনে বিএনপি দলীয় একজন প্রার্থীর নাম একটি পত্রিকায় আগাম প্রকাশিত হবার ঘটনায় জেলা বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারো কারো মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। গত শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে নেত্রকোনা-২ আসনে বিএনপি থেকে ডা. আনোয়ারুল হককে মনোনয়ন দেয়া হচ্ছে বলে নাম আসায় এই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই আসনে প্রবীণ ও সাবেক এমপি ছাড়াও প্রবীণ নেতৃবৃন্দ থাকা সত্ত্বেও তাদের বাদ দিয়ে একেবারে রাজনীতিতে নতুন একজনের নাম আসায় এ ক্ষোভের সঞ্চার হয়। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির জেলা পর্যায়ের এক নেতা বলেন, যাকে কোন সভায় পাওয়া যায় না বা জেলা বিএনপি’র কোন সভায় যিনি আসেন না, তার নাম পত্রিকাতে কিভাবে আসলো তা দেখা হচ্ছে। এর পেছনে দলের কে বা কারা জড়িত তাও দেখা হচ্ছে বলে তিনি জানান। এছাড়া আনোয়ারুল হক অন্য একটি গ্রুপের সাথে জড়িত বলে তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে জেলা বিএনপি’র সভাপতি ও দুইবারের সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান গতকাল শনিবার এ প্রতিনিধিকে বলেন, নাম আসলেই যে মনোনয়ন পাবে, এমনটা ভাবার কোন কারণ নেই। এই আসনে বিএনপি’র অন্য সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, জেলা বিএনপি’র বর্তমান সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, ঢাকা বারের সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল বারি ড্যানি, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান।