বর্ষার আগেই মাওয়া ফেরিঘাট সংস্কারের নির্দেশ

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৭
ক্ষতিগ্রস্ত মাওয়া ফেরিঘাট মেরামত ও সংস্কার কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। মাদারীপুরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে শুক্রবার মাওয়াঘাট দিয়ে যাওয়ার প্রাক্কালে তিনি সংশ্লিষ্টদের এই নির্দেন দেন। আছরে পড়া ঢেউয়ে বিলীন হয়ে যাওয়া ৩ নম্বর রো-রো ফেরি ঘাটের রাস্তা এবং ক্ষতিগ্রস্ত পল্টুন দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। এ সময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়ায় ফেরিঘাট এবং সংযোগ রাস্তা অনেকটাই নড়বড়ে। শুধু বালু ফেলে এগুলো স্থাপন করায় এবং যথাযথ প্রটেকশন না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এগুলো যথাযথভাবে মেরামত ও বিকল্প ঘাট তৈরি করা না হলে ভরা বর্ষায় এবং ঈদে ঘরমুখো মানুষ এবছরও নানা বিড়ম্বনায় পড়তে পারে। তাই দ্রুত এই ফেরিঘাট সচল রাখতে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন নৌ পরিবহনমন্ত্রী।