বিরোধী দলীয় নেতাদের মুক্তির বিষয়টি আদালত আইনি প্রক্রিয়ায় দেখবে

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৩১
আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে বিরোধী দল অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সংসদের পরিবেশ যেন সুন্দর থাকে এবং বিরোধী দল যেন সংসদে এসে বক্তব্য রাখার সুযোগ পায় সেদিকে স্পিকার হিসাবে আমার নজর থাকবে। তিনি আরো বলেন, ‘যেহেতু বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সে কারণে স্পিকার হিসাবে আমার বিনীত আবেদন থাকবে, বিরোধী দলের আটক নেতা-কর্মীদের মুক্তির বিষয়টি আদালত আইনি প্রক্রিয়ায় বিবেচনা করবেন। আশা করি, আটক নেতা-কর্মীদের বিষয়টি আদালত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করবেন।’ গতকাল শনিবার তিনি প্রধান অতিথি হিসাবে সোনারগাঁও হোটেলে ‘লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’ ৩১৫-এর ২৬তম জেলা মাল্টিপল বার্ষিক কনভেনশন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর মাল্টিপল চেয়ারম্যান নাজমুন নেসা আলী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, পাস্ট ইন্টারন্যাশনাল পরিচালক শেখ কবির হোসেন (এমজেএফ) ও মসলেম আলী খান (এমজেএফ)। শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদে প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ মনযোগ আকর্ষণী নোটিস, সিদ্ধান্ত প্রস্তাব, মুলতবি প্রস্তাবসহ অন্যান্য বিষয় রয়েছে। কোনগুলো গ্রহণ করা হবে, আর হবে না সে বিষয়টি তখন বিবেচনা করবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, বাজেট অধিবেশনে বিরোধী দল যোগদান করতে চেয়েছে। তবে দলের পক্ষ থেকে আটক দুই এমপির মুক্তির দাবি উত্থাপন করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু। কনভেনশনে সম্মানিত অতিথি হিসাবে অংশগ্রহণ করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। লায়ন্সদের শপথ বাক্য পাঠ করান ফারহান খান সুধা। এছাড়াও অনুষ্ঠানে জেলার লায়ন্সরা উপস্থিত ছিলেন।