আশুলিয়ায় সন্ত্রাসীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৩১
আশুলিয়ায় সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর সুবন্দী নতুননগর এলাকা থেকে মিছিলটি শুরু হয়। নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে মিছিলটি পৌঁছলে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট এবং চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। মানববন্ধনে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও সকল ওয়ার্ডের কাউন্সিলরসহ সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।