আবারও টর্নেডো আঘাত করলো পটুয়াখালীর গলাচিপায়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এক শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং আশিংক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি। জিতেন হালদার, আবু জাফর, রব খান, সোলায়মানের ঘরসহ ১৫টি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জিতেন হালদার অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় প্রশাসন বা বেসরকারি কোন সংস্থা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসেনি। সম্প্রতি এ এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মহাসেনের ধকল কাটিয়ে না উঠতেই এই টর্নেডো আঘাত মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে। গত এক সপ্তাহে গলাচিপার বিভিন্ন গ্রামে তিনবার টর্নেডো আঘাত হানে।
