২৫ জানুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৩৪
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্ষা ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে উন্নয়ন কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে মহাসড়কের চার লেনের কাজ অনেক পিছিয়ে গেছে। তিনি বলেন, হরতাল নয় নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটতে হবে। আগামী অক্টোবর থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। ২৫ জানুয়ারির মধ্যেই নির্বাচন হতে পারে। নির্বাচনকালীন সরকার নিয়ে সঙ্কট সমাধানে স্পিকার সহায়ক ভূমিকা রাখতে পারেন বলেও তিনি মন্তব্য করেন। গতকাল শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়দারোগাহাটে লোড কন্ট্রোল স্টেশন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় চারলেন কাজের ১০ নম্বর প্যাকেজের কার্পেটিং উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতটি পয়েন্টে চারলেনের কার্পেটিং কাজ উদ্বোধন করা হয়েছে এবং প্রায় ৭০ কি.মি এলাকায় কার্পেটিং সম্পন্ন হয়েছে। এ জন্য অর্থের কোন সমস্যা নেই। আগামী বাজেটেও অর্থ বরাদ্দ হচ্ছে বলে তিনি জানান। অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম এমপি, মিরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।