আটত্রিশ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস চালু

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৩৫
দীর্ঘ সাড়ে ৩৮ ঘন্টা পর মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস স্বাভাবিক হয়েছে। গত শুক্রবার রাতে মেরামত সম্পন্ন হওয়ার পর মাওয়ার ৩নং রো রো ফেরি ঘাটটি সচল হয়। তবে এই দীর্ঘ সময় ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় উভয় পাড়ে ৬শ’ যান আটকা পড়ে। এতে বিড়ম্ব্বনায় পড়েছে হাজার হাজার যাত্রী সাধারণ। বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, ১নং ঘাটে ফেরি চলাচল সকাল সাড়ে ১০টায় শুরু হলেও ২নং ফেরিঘাট চালু হয় বেলা ৩টায়। তবে মূল ঘাট হিসাবে পরিচিত ৩নং রো রো ফেরি ঘাট সচল হয় রাত সাড়ে ৯টায়। তিনি জানান, প্রচণ্ড ঢেউ আছরে পড়ায় এবং প্রবল বাতাসের কারণে ফেরিঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ৩ নং ঘাটের ফেরি সংযোগ রাস্তার একাংশ ক্ষতিগ্র্রস্ত হলে বালুর বস্তা ফেলে মেরামত করা হয়েছে। মাওয়ার ১৪টি ফেরিই চলাচলের উপযোগী হলেও বর্তমানে চলাচল করছে ১১টি ফেরি। বৈরী আবহাওয়ার পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের কারণে বৃহস্পতিবার ১০টি ফেরি বন্ধ হয়ে যায়। ১৪টি ফেরির মধ্যে চলছিল শুধু ৪টি। ২টি রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং ২টি ফ্ল্যাট ফেরি কেতকি ও কাকলী। বাতাসের তীব্রতার কারণে ২টি ফ্ল্যাট ফেরি বন্ধ হয়ে যায়। অবস্থার আরও অবনতি ঘটলে রাত ৯টা থেকে রো রো ফেরিও বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।