সেই রেশমার ঘর দখলের অপচেষ্টা

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৩৫
সাভার ট্র্যাজেডির ১৭ দিন পর জীবিত উদ্ধার ঘোড়াঘাটের রেশমার জীর্ণ বসতবাড়ি বেদখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার কশিগাড়ি গ্রামে রেশমার মা জোবেদা খাতুন অতিকষ্টে ৬ শতক জমি ক্রয় করে একটি মাটির ঘর নির্মাণ করে ১৫-১৬ বছর ধরে বসত করে আসছিলেন। একই জমির উত্তর পাশে বাড়পাইকার গড়ের জনৈক ব্যক্তি অপর এক ওয়ারিশের কাছ থেকে জমি ক্রয় করে পাকা বাড়ি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তি স্থাপনকালে রেশমার মায়ের ঘর সংলগ্ন স্থানে ভিত্তি দিতে গেলে রেশমার মা বাধা প্রদান করেন; কিন্তু গরিবের কথায় কে কর্ণপাত করে। প্রকাশ, রেশমার মা জোবেদা খাতুনের টিনের ঘরটি ভেঙ্গে না ফেললে ইটের গাঁথুনি করা যাচ্ছে না। এজন্য বিভিন্ন সন্ত্রাসী দিয়ে হুমকি দেয়া হচ্ছে ঘর ভাঙ্গার জন্য। বিষয়টি ২৯ মে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রধানকে বিষয়টি দেখার জন্য বলেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ইউপি চেয়ারম্যান স্বীকার করেন, রেশমার মা জোবেদা খাতুন প্রথম ৬ শতক জায়গা কিনে সেখানে বাড়ি করেছিলেন। এ ব্যাপারে রেশমার মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিনিয়ত তাকে হুমকি দেয়া হচ্ছে ঘর ভেঙ্গে ফেলার জন্য। তিনি আরো জানান, অসহায় পরিবার হিসেবে তার কথায় কেউ গুরুত্ব দিচ্ছে না। বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য কামনা করেছেন।