বাংলাদেশের উন্নয়ন খাতে সহায়তা অব্যাহত রাখবে ইইউ

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৪০
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের বাণিজ্য ও উন্নয়ন সেক্টরে সহযোগিতা অব্যাহত রাখবে। সিঙ্গাপুরে এশিয়া নিরাপত্তা বিষয়ক সম্মেলন চলাকালে শনিবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে ইইউ-এর বৈদেশিক ও নিরাপত্তা বিষয়ক ঊর্ধ্বতন প্রতিনিধি ক্যাথেরিইন আস্টনের সাক্ষাত্কালে এ কথা বলেন। এসময় উভয়ে বাংলাদেশের রেডিমেট গার্মেন্টস শিল্পে (আরএমজি) বিদ্যমান সংকট নিরসন নিয়ে আলোচনা করেন। ডা. দীপু মনি ইইউ কর্মকর্তাকে বাংলাদেশ সরকার কর্তৃক পোশাক শিল্পের কাজের পরিবেশ উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে অবহিত করেন। সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে বিদ্যমান শ্রম আইন সংশোধন ও নতুন মজুরি বোর্ড গঠন। ডা. দীপু মনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের ধরন কি হবে তা নিয়ে বিরোধীদলের সাথে সংলাপ ইস্যু নিয়ে ইইউ কর্মকর্তাকে অবহিত করেন। উভয়েই আশা প্রকাশ করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। ইইউ কর্মকর্তা পোশাক শিল্পের নিরাপত্তা ও শ্রমিকদের কল্যাণে গৃহীত পদক্ষেপ গ্রহণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে বাংলাদেশ সরকারের সদিচ্ছার উপর ইউরোপিয়ান ইউনিয়নের আস্থা প্রকাশের কথা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে বিনিয়োগের ও ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে। সেই সাথে বাংলাদেশে ইইউ কর্মসূচিসমূহ বন্ধের কোন পরিকল্পনা নেই বলে তিনি জানান। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের লক্ষাধিক মহিলা শ্রমিকদের সাথে কাজ চালিয়ে যেতে চায়। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক সেক্টরে উন্নয়নের সাফল্যের কথা উল্লেখ করে সমাজ থেকে সকল প্রকার সহিংসতা পরিহার করার জন্য আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ইউরোপিয়ান ইউনিয়ন সিনিয়র প্রতিনিধি ক্যাথেরিনকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানালে তিনি আগামী নির্বাচনে সময় করে সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ডা. দিপু মনি বর্তমানে সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক পর্যায়ের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যায়ের সাংগরাই সংলাপে অংশগ্রহণ করছেন। তিনি বাংলাদেশের চোখে আফগান পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখেন। সম্মেলনে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার মাহবুব জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিষ্ণু রায় চৌধুরী ও মহাপরিচালক গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।