শিল্প না আসায় বিদ্যুত্ ক্রমেই উদ্বৃত্ত হচ্ছে পশ্চিমবঙ্গে। তিস্তার পানি নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কও ক্রমেই কঠিন হচ্ছে। সম্পর্কের শীতলতা কাটাতে এবং আয় বাড়াতে তাই বাংলাদেশের কাছে বাড়তি বিদ্যুত্ বেচতে চায় পশ্চিমবঙ্গ। বিদ্যুত্ ঘাটতি মেটাতে বাংলাদেশ ভারত থেকে বিদ্যুত্ কেনার সিদ্ধান্ত নিয়ে যে আবেদন পাঠিয়েছে তাতে সাড়া দিতে চাইছে পশ্চিমবঙ্গ বিদ্যুত্ দপ্তর। পশ্চিমবঙ্গ বিদ্যুত্ বণ্টন নিগম সূত্রে খবর, রাজ্যে দৈনিক ৭৫০ মেগাওয়াট বিদ্যুত্ উদ্বৃত্ত হচ্ছে। ইউনিট বসিয়ে রাখতে হচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশে বিদ্যুত্ রফতানির সুযোগ হাতছাড়া করতে নারাজ বিদ্যুত্ দপ্তর। তারা টেন্ডারে অংশগ্রহণ করবে। বিদ্যুতের দাম ঠিক হবে চলতি বাজার দর অনুযায়ী। দিনে দাম কম হবে। রাতে সর্বোচ্চ চাহিদার সময় দাম বেশি হবে।
উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বাংলাদেশ সফরে এসে হাসিনা সরকারের সঙ্গে ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ রফতানির চুক্তি সই করে যান। মহাকরণ সূত্রে জানা গেছে, প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশে ৩ বছর বিদ্যুত্ রফতানির সুযোগ পাওয়া যাবে।
