বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:৪১
শনিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গের ট্রাক শ্রমিকরা তাদের বেতনভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার ধর্মঘটের ডাক দিলে দুইদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। ফলে ভারতের পেট্রাপোল বন্দরে কয়েক হাজার আমদানি পণ্যবোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। তেমনি বেনাপোল চেকপোস্টে রফতানি পণ্য নিয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাংলাদেশি ট্রাক। ভারতের পেট্রাপোল বন্দর সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গের ট্রাক শ্রমিকদের ধর্মঘটে আমদানি-রফতানি বন্ধ হয়ে গেছে। তবে ট্রাক শ্রমিকদের সাথে মালিক পক্ষ ও প্রশাসনের বৈঠক চলছে। বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার কামরুল হাসান জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমস হাউজ খোলা আছে। বন্দর থেকে মালামাল খালাস হচ্ছে।