টানা ৫ কার্যদিবস ধরে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বাজেটীয় প্রত্যাশাকে কেন্দ করে বেশ কিছু দিন ধরেই বাজারে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। এদিকে গত পাঁচ কার্যদিবসের ঊর্ধ্বমুখী ধারায় ডিএসই’র ব্রড সূচক (ডিএসইএক্স) বেড়েছে ২৬০ পয়েন্ট।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। গত পাঁচ কার্যদিবস আগে ছিল ৩ হাজার ৬৮৩ পয়েন্ট। এদিকে গতকাল সাধারণ মূল্যসূচক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৬২ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৫ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ১৭ লাখ ১৯ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল বাজারের বেশিরভাগ কোম্পানিরই দর বেড়েছে। তবে সবচেয়ে বেশি এগিয়ে ছিল পোশাক খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৬৩ শতাংশ। এরপরই রয়েছে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়েছে প্রায় ৪ দশমিক ২৮ শতাংশ। গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পোশাক খাতের। এ খাতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৬২ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৭ দশমিক ৫৬ শতাংশ। এরপরই রয়েছে জ্বালানি ও মিউচুয়াল ফান্ড খাত। এদিন মিউচুয়াল ফান্ড খাতে লেনদেন হয়েছে প্রায় ৪৯ কোটি ১০ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের ১০ দশমিক ৩১ শতাংশ।
