এসএমই উদ্যোক্তাদের পোশাক প্রদর্শনীর উদ্বোধন

আপডেট : ০২ জুন ২০১৩, ২০:২৭
ফ্যাশন ডিজাইনের উপর প্রশিক্ষণ নেয়া সেরা ২২ উদ্যোক্তার তৈরি পোশাকের প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন দিলীপ বড়ুয়া। সম্প্রতি এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১৯৭ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এ প্রশিক্ষণার্থীরা একটি নির্দিষ্ট থিম, মুড বোর্ড ও ডিজাইনের উপর ভিত্তি করে পোশাক তৈরি করেছে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সামসুল হক, ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রাম ডিরেক্টর রবিন ডেভিস, ফ্যাশন প্রশিক্ষক চন্দ শেখর সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রদর্শনীতে ৭২ জন দেশি-বিদেশি ক্রেতাকে (বায়ার) আমন্ত্রণ করা হয়েছে, যারা নতুন এসব উদ্যোক্তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্য করে তোলা, চাহিদা বাড়ানো এবং রফতানির সুযোগ বা ক্ষেত্র তৈরি করে দিবেন বলে মনে করছে ফাউন্ডেশনের কর্মকর্তারা। ফ্যাশন নিয়ে যেসব এসএমই উদ্যোক্তারা কাজ করতে চান তাদের ফ্যাশন ভাবনাকে সময়োপযোগী করতে এসএমই ফাউন্ডেশন তাদেরকে ফ্যাশন ডিজাইন সম্পর্কিত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।