নিরাপদ পানি ও স্যানিটেশন উন্নয়নে বাংলাদেশকে ৭৫ কোটি টাকার অনুদান-সহায়তা দিচ্ছে সুইজারল্যান্ড সরকার। সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কোপারেশন (এসডিসি) মাধ্যমে এ অর্থ দেয়া হবে। প্রকল্পের আওতায় চার জেলার ৫০টি ইউনিয়নের লক্ষাধিক লোকের বাসগৃহে নিরাপদ পানি ও স্বাস্থসম্মত স্যানিটেশন নিশ্চিত করা চেষ্টা করা হবে। গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ ও সুইস সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত অর্স হেরেন চুক্তিতে স্বাক্ষর করেন। বরিশাল, সাতক্ষিরা, খুলনা ও বাগেরহাট জেলায় ২৫০টি উন্নত কমিউনিটি ল্যাট্রিন এবং ৫ হাজার ৪০০টির বেশি ওয়াটার পয়েন্ট নির্মাণ করা হবে। এই কর্মসূচির লক্ষে বাংলাদেশের জনসাধারণের জন্য উন্নত ও কেটসই স্বাস্থ্য এবং পরিবেশ নিশ্চিত হবে। এই কর্মসূচি বাস্তবায়িত হবে ২০১৩ থেকে ২০১৬ মেয়াদে। কর্মসূচিটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হবে।
