তাজা ফলে উচ্চহারে শুল্ক আরোপের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কালোবাজারীর আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর ফল আমদানি ও রফতানিকারক এবং আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি। তাই আগামী বাজেটে তাজা ফল যেমন আপেল, আঙ্গুর, কমলা, নাশপতি এবং মাল্টার উপর শুল্ক প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। গত শুক্রবার সমিতির এক সভায় এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি হাজী সেলিম বলেন, ফলের উপর আমদানি শুল্ক প্রত্যাহার না হলে ভারতীয় ফল আমাদের দেশে অবৈধভাবে আসতে থাকবে। যা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ সুনীল বাবুসহ আরও অনেকে। বক্তারা বলেন, ফল আমদানিতে উচ্চ শুল্ক হারের কারণে ইতিমধ্যে ভারত ও মায়ানমার থেকে অবৈধভাবে ফল আমাদের বাজারে প্রবেশ করছে। ফলে বৈধভাবে যেসব ব্যবসায়ীরা ফল আনছেন তারা ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থায় জনগণের পুষ্টির কথা বিবেচনা করে তাজা ফলের উপর আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা প্রয়োজন।
