বিএনপি-আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্বে বরগুনার প্রত্যন্ত নলটোনা ইউনিয়নের হতদরিদ্র পাঁচশ’ পরিবার ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। ঘূর্ণিঝড় মহাসেন ১৬ মে উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর বরগুনার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে আসে ইন্টারন্যাশনাল এনজিও প্ল্যান বাংলাদেশ। এনজিও স্যাপ-বাংলাদেশের মাধ্যমে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাঁচশ’ ক্ষতিগ্রস্তদের মাঝে প্যাকেজ ত্রাণ দেয়ার সিদ্ধান্ত নেয় প্ল্যান বাংলাদেশ। দাতাসংস্থার নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়। পরে এনজিওকর্মীরা উক্ত তালিকা যাচাই-বাছাই পূর্বক তাদের মাঝে ত্রাণ গ্রহণের কার্ড বিতরণ করে। এ পর্যায় নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহআলম মুন্সি ত্রাণ প্রাপকদের তালিকায় তাদের দলের কর্মীদের নাম নেই দাবী তুলে বিতরণ বন্ধ করে দেন। তাদের অভিযোগ, চেয়ারম্যান বিএনপি পন্থী হওয়ায় ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যমূলকভাবে বাদ দেয়া হয়েছে। তারা বিতরণের সময় ত্রাণসামগ্রী লুটপাট করে নেয়ার হুমকি দেয় এনজিওকর্মীদের। ফলে গত ১৯ মে ত্রাণ বিতরণ করার কথা থাকলেও আওয়ামী লীগ নেতাদের হুমকির কারণে তা আর সম্ভব হয়নি। প্ল্যান বাংলাদেশের বরগুনা জেলা কর্মকর্তা শাহরুখ সোহেল বলেন, ত্রাণ সহায়তার কার্ড বিতরণ করা হলেও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের দ্বন্দ্বের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। তিনি আরো জানান, তালিকা পরিবর্তন করে দলীয় লোকদের ত্রাণসামগ্রী দেয়ার জন্য তাদের কর্মীদের মোবাইল ফোনে হুমকি দেয়া হয়। তাই সমন্বয় করতে না পেরে ওই ইউনিয়নের ত্রাণ অন্য জায়গায় বিতরণ করা হয়েছে।
