আমতলীতে তিন মাতালের সাজা
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ মদ্যপান করে তালতলীর ছাতনপাড়া এলাকায় মাতলামি করার সময় তিন মদ্যপকে গ্রেপ্তার করে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আমতলী উপজেলার ভ্রাম্যমাণ আদালত। আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের সাঈদুর রহমান, মানিকঝুড়ি গ্রামের আলামীন ও সাইদুর রহমান নামে ৩ বন্ধু শনিবার সন্ধ্যায় তালতলীর ছাতনপাড়া নামক এলাকায় মদ পান করে মাতলামি করার সময় তালতলী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। রবিবার তাদের আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী মো:আবদুল্লাহর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌমুহনীতে মার্কেন্টাইল ব্যাংকের বর্ষ পূর্তি
চৌমুহনী (কুমিল্লা) সংবাদদাতা \ রবিবার মার্কেন্টাইল ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে চৌমুহনী শাখায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করে। ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের লোকজন অনুষ্ঠানে অংশ নেন।
মার্কেন্টাইল ব্যাংকের এফ এ ভি পি মজিবল হক, এক্সিকিউটিভ অফিসার মোশারেফ হোসেন ও মাহফুজুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কয়রায় ডিএসএফ কমিটির মাসিক সভা
কয়রা (খুলনা) সংবাদদাতা \ উপজেলার ডিএসএফ কমিটির মাসিক সভা রবিবার কয়রা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ দেবাশিস সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান এস,এম শফিকুল ইসলাম।
নাগরপুরে প্রতিবন্ধীর শ্লীলতাহানি
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কামুটিয়া গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী (২৫) কন্যাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নাগরপুর থানায় মামলা হয়েছে। শনিবার নিজ বাড়িতে একা পেয়ে প্রতিবেশী সোলেমান শেখের পুত্র শাহিনুর (১৫) তাকে ধর্ষণ করেছে। রবিবার ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা করার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কসবায় জাতীয় পার্টির ত্রাণ বিতরণ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ শনিবার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর ও চন্দ্রপুর গ্রামে প্রচন্ড ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২১৫টি পরিবারের মাঝে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম মাস্টার ১ লাখ ৩০ হাজার টাকা ত্রাণ বিতরণ করেন।
নাগেশ্বরীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে শনিবার বাসস্ট্যান্ডে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রাম জেলা ও নয় উপজেলার সকল সাংবাদিক মানববন্ধন ও সমাবেশ করে। সংহতি প্রকাশ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আড়াইহাজারে সুজনের মানববন্ধন
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ শনিবার সাংবাদিক আল-আমীন হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা সুজন সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আড়াইহাজার উপজেলা সুজন এর সভাপতি মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া।
বেড়ার কর্মশালায় উত্তরাঞ্চলের ৩১ মেয়র
বেড়া (পাবনা) সংবাদদাতা \ উত্তরাঞ্চলের বিভিন্ন পৌরসভার ৩১ জন মেয়রের অংশগ্রহণে শনিবার, বেড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেড়া পৌর ভবনের কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। মিউনিসিপ্যালিটি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ম্যাব) ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ম্যাবের নির্বাহী সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন।
