মোবাইল ফোন, ইন্টারনেট ও সংবাদপত্রের মাধ্যমে শুরু হলো বিবিসি জানালার দ্বিতীয় সিজন ‘আমার ইংরেজি কোর্স’। যেসব শিক্ষার্থী এরই মধ্যে কিছুটা ইংরেজি জানেন মূলত তাদের কথা চিন্তা করেই এই কোর্সটি তৈরি করা হয়েছে। ইংরেজি শেখা শুরু করার জন্য ‘বিবিসি জানালা আমার ইংরেজি কোর্স-১’ যেভাবে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে সাহায্য করেছে ঠিক একইভাবে দ্বিতীয় এই কোর্সটিও তাদের কাজে লাগবে। শিক্ষার্থীদের ব্যক্তিগত নানা প্রয়োজন, বাস্তবসম্মত লেসন ও ধাপে ধাপে সহজ থেকে কঠিন বিষয় শেখার কথা মাথায় রেখে এই দুটি কোর্সই এমনভাবে তৈরি করা হয়েছে যেন সেগুলো সহজেই পড়ে বুঝা যায়। এ ছাড়া শিক্ষার্থীরা যেন তাদের সামর্থ্যের মধ্যে, সুবিধাজনক সময়ে ও নিজেদের মতো করে কোর্সগুলো করতে পারেন সে বিষয়টির প্রতিও লক্ষ্য রাখা হয়েছে। কাজেই শিক্ষার্থীদের আর্থিক, সামাজিক, ভৌগলিক বা শিক্ষাগত প্রতিবন্ধকতা যাই হোক না কেন, তারা ভিন্ন ভিন্ন একাধিক মাধ্যমের যেকোনোটির সাহায্যেই কোর্সটিতে অংশ নিতে পারবেন।
এ প্রসঙ্গে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর শার্লট ইমবার্ট বলেন, ‘প্রতিদিনের জীবনযাত্রার অংশ হিসেবে ইংরেজি ভাষা শেখা বা ইংরেজি দক্ষতা আরও একটু বাড়িয়ে তোলার জন্য নতুন এই কোর্সটি বাংলাদেশের মানুষের জন্য চমত্কার একটি সুযোগ সৃষ্টি করেছে। মোবাইল ফোন, ইন্টারনেট বা সংবাদপত্রের মাধ্যমে নিজেদের সময় সুযোগ মতো ইংরেজি শেখার জন্য এই কোর্সটি এমনভাবে ধাপে ধাপে সাজানো হয়েছে যেটি শিক্ষার্থীদেরকে আনন্দ নিয়ে ইংরেজি শিখতে সাহায্য করবে। ইতোমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নিজে নিজে অথবা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এই কোর্সগুলোতে অংশ নিচ্ছেন। তারা ইংরেজি শেখায় তাদের অগ্রগতি মূল্যায়ন করছেন এবং প্রতিদিনই ইংরেজিতে আরও দক্ষ হয়ে উঠছেন। এ প্রেক্ষাপটে শিক্ষার্থীরা যেন প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় ইংরেজি শেখার মাধ্যমে তাদের কর্মক্ষেত্র বা শিক্ষাক্ষেত্রে ভবিষ্যতে আরও ভালো করতে পারেন সেজন্য নতুন এই সুযোগটি তৈরি করতে পেরে আমরা খুবই আনন্দিত।’
