আমি নির্বাচিত হলে বর্ধিত নগরীতে একটিও কাঁচা রাস্তা থাকবে না

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:১৮
১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন গতকাল রবিবার দিনভর নগরীর কাউনিয়া বিসিক, মতাশার, পুরানপাড়া, বাঘিয়া ও ভাটিখানাসহ বিভিন্ন এলাকার ভোটারদের বাসাবাড়িতে গিয়ে সাক্ষাত্ করে টেলিভিশন মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। এ সময় তিনি বেশ কয়েকটি উঠান বৈঠকেও মিলিত হন। এ সময় ভোটারদের উদ্দেশ করে মেয়র প্রার্থী হিরন বলেন, আগামীতে তিনি মেয়র হলে বর্ধিত নগরীতে একটিও কাঁচা রাস্তা থাকবে না। সকাল ৯টায় মতাশার বাজার থেকে মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন তার টেলিভিশন প্রতীক সম্বলিত লিফলেট নিয়ে গণসংযোগ শুরু করে আমিরগঞ্জ সড়ক, ফকিরবাড়ি, কাবিরাজবাড়ি, মহুড়িকান্দা, হাওলাদারবাড়ি, সিকদারবাড়ি, পশ্চিম মতাশার, মতাশার কলোনি, বাঘিয়া সিকদারবাড়ি, পুরানপাড়া, পুরানপাড়া সড়ক, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরানপাড়া মাদ্রাসা, পুরানপাড়া আহম্মেদ খান সড়ক, কাউনিয়া, উত্তর কাউনিয়া, কাউনিয়া শের-ই-বাংলানগর, আবদুর রব সেরনিয়াবাদ কলেজ, শের-ই-বাংলানগর মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া হাউজিং, বিসিক দরবার রোড, ভাটিখানা, ভাটিখানা জোর মসজিদ, গাওয়াসার এলাকায় গণসংযোগ করেন। এ সময় শওকত হোসেন হিরন ভোটারদের উদ্দেশে বলেন, আমি নাস্তিক বা মুরতাদ নই। আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি খাঁটি ঈমানদার ব্যক্তি। জীবনে দুইবার ওমরাহসহ মোট ৩ বার হজ্ব পালন করেছি। তথাপি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপপ্রচার চালাচ্ছেন। অথচ আমি মেয়র থাকাকালীন মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি অনুদান প্রদান করেছি। নগরীর আলেম- ওলামাদের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। যারা অপপ্রচার চালাচ্ছেন এবং সামপ্রদায়িক সমপ্রীতি নষ্ট করতে চাইছেন তাদেরকে ভোট না দেয়ার জন্য তিনি অনুরোধ জানান। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব মাহাবুব উদ্দিন বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, জাসদের কেন্দ্রীয় নেতা মো. মোহসিন প্রমুখ।