খালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মনির

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:১৮
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের লিখিত অভিযোগ রিটার্নিং অফিসারের কাছে রবিবার দাখিল করেছেন বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি। অভিযোগপত্রে বলা হয়েছে, নগরীর দৌলতপুর থানার মানিকতলায় ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের তালা প্রতীকের সমর্থনে নির্বাচনী কার্যালয় স্থাপন করেছে ১ নম্বর ওয়ার্ড ট্রাক শ্রমিক লীগ। সেখানে রঙিন কাপড়ে সুদৃশ্য গেট তৈরি, রঙিন ব্যানার টানানো এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। অভিযোগপত্রের সাথে উক্ত নির্বাচনী কার্যালয়ের রঙিন ছবি ও প্রতীকের ছবি সংযুক্ত করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।