তৃতীয় দিনের মতো দুস্থদের মাঝে খালেদা জিয়ার খাবার বিতরণ

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:২১
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় তৃতীয় এবং শেষ দিনের মতো দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিকাল ৩টায় উত্তরা আযমপুর বাসস্ট্যান্ড থেকে খাবার বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। এরপর তিনি উত্তরা হাউজ বিল্ডিং, আল-আমিন মার্কেট রামপুরা, কাওরান বাজার, এফডিসি গেট, শাহ আলী মাজার মিরপুর, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর, খালেক এন্টারপ্রাইজ মিরপুর, সাত রাস্তার মোড়, বিজয় সরণী, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, পল্লবী বিএনপি অফিস এবং ন্যাশনাল বাংলা কলেজ এলাকায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। গত ৩০ মে খামারবাড়ি থেকে এই কর্মসূচি শুরু হয়। গতকাল রবিবার ১৫টি স্পটে খাবার বিতরণ করেন তিনি। হাতিরঝিলের সৌন্দর্য অবলোকন রাজধানীর নান্দনিক সৌন্দর্যের প্রকল্প হাতিরঝিল ঘুরে দেখলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রামপুরায় খাবার বিতরণ শেষে বিকালে তার গাড়িবহর হাতিরঝিলে যায়। এ সময় গাড়িবহর খুব ধীরগতিতে চলতে থাকে এবং খালেদা জিয়া গাড়ির ভেতর থেকে হাতিরঝিলের সৌন্দর্য অবলোকন করেন। পুরো প্রকল্পটি ঘুরে দেখা শেষে তার গাড়িবহর এফডিসির মোড় দিয়ে বের হয়ে যায়।