কার পার্কিং নৌকা ভ্রমণ, টয়লেটসহ চারটি জায়গার বাত্সরিক ইজারা নেওয়াকে কেন্দ করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষে পথচারী, পুলিশসহ কমপক্ষে ২০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চর্তুদশ শতকের মসলিন খ্যাত বাংলার ঐতিহ্যবাহী রাজধানী সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কার পার্কিং, ৫টি পাবলিক টয়লেট, নৌকা ভ্রমণ ও চরকি এক বত্সর মেয়াদে ইজারা দেওয়ার জন্য দরপত্র আহবান করা হয়। দরপত্র আহবান করার পর বিভিন্ন ঠিকাদার প্রায় ২৮টি দরপত্র ক্রয় করেন। প্রায় ১৫ লাখ টাকা মূল্যে আহবান করা এই দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল সোমবার। বিভিন্ন ঠিকাদার গতকাল দুপুরে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবনের ভেতরে টেন্ডার বাক্সে দরপত্র ফেলতে গেলে সেখানে ছাত্রলীগ নামধারী ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী তাদের বাধা প্রদান করে। এসময় তাদের বাধা উপেক্ষা করে টেন্ডার বক্সে দরপত্র ফেলাতে গেলে প্রথমে সন্ত্রাসীরা আজাহার নামের এক ঠিকাদারকে পিটিয়ে মারত্মকভাবে আহত করে। পরে সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম একই বাক্সে দরপত্র ফেলাতে গেলে তাকেও বাধা প্রদান করে ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা। এক পর্যায়ে প্রশাসনিক ভবনের বাহিরে দু‘গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে সোনারগাঁও থানার এসআই শেখ সাদীকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। এসময় নতুন করে আবারও শুরু হয় দু‘গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এই ঘটনায় ইটের আঘাতে পুলিশের কনস্টেবল কেফায়েত ও পথচারী কবিরসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
