খুলনায় বোমা হামলায় সেনা সদস্যসহ আহত ২

আপডেট : ০২ জুন ২০১৩, ২২:১২
খুলনা মহানগরীর খানজাহান আলী থানার মাতমডাঙা এলাকায় বোমা বিস্ফোরণে সেনা সদস্য করপোরাল সিরাজুল ইসলাম (৪২) ও শিক্ষক নজরুল ইসলাম (৪৫) আহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, নগরীর জাহানাবাদ সেনানিবাসে কর্মরত করপোরাল সিরাজুল ইসলাম ও ক্যামিলিয়া স্কুলের শিক্ষক নজরুল ইসলাম এশার নামাজ আদায় শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। তারা বাড়ির অদূরে মাতমডাঙা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমার স্প্লিন্টারের আঘাতে সেনা সদস্য করপোরাল সিরাজুল ইসলাম ও শিক্ষক নজরুল ইসলাম আহত হন। সিরাজুল ইসলামকে জাহানাবাদ সেনানিবাস হাসপাতালে এবং নজরুল ইসলামকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে এ হামলা হয়েছে তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে শিক্ষক নজরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে এ বোমা হামলা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।