মিসরে পার্লামেন্টের উচ্চকক্ষ শূরা কাউন্সিল ও সংবিধানের খসড়া প্রণয়নকারী প্যানেলকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত। তবে নতুন নির্বাচনের আগে পর্যন্ত কাউন্সিলকে বিলুপ্ত করা যাবে না। খবর বিবিসির।
মিসরে এর আগেও সরকারি প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ করে রায় দিয়েছে আদালত। ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি খসড়া সংবিধান প্রণয়নে একশ সদস্যের একটি সাংবিধানিক প্যানেল প্রতিষ্ঠা করেছিলেন। গত ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে সংবিধানের অনুমোদন দেয়া হয়। তবে এ রায়ে সংবিধানের বৈধতার ওপর কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে কিছু জানা যায়নি। গত বছর পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার পর ঐতিহ্যগতভাবে ক্ষমতাহীন উচ্চকক্ষকে আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয়। আদালত জানিয়েছে, আগামী নির্বাচন শেষে কাউন্সিলকে বিলুপ্ত করা যাবে। তবে নির্বাচনের সঠিক সময় এখনো জানা যায়নি। আগামী অক্টোবরে নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন মুরসি।
