জামিন পেলেন ব্লগার বিপ্লব, পাননি আসিফ

আপডেট : ০২ জুন ২০১৩, ২২:১৩
ব্লগে ধর্ম এবং মহানবীকে (স:) নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার চার ব্লগারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৭ জুন দিন ধার্য করেছে আদালত। একইসঙ্গে ব্লগার মশিউর রহমান বিপ্লবকে জামিন দেয়া হয়েছে। একই সাথে আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিনের আবেদন নাকচ করা হয়। গতকাল রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জজ মো. জহুরুল হক মামলা দুটির অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। এর আগে গত ১২ মে অপর দুই ব্লগার রাসেল পারভেজ ও সুব্রত অধিকারীকে জামিন দেয় একই আদালত। জামিনে থেকে গতকাল তারা দু’জনে আদালতে হাজির ছিলেন। গত ১৭ এপ্রিল গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন ও মাঈনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ এর ৫৭ (২) ধারায় রাজধানীর তেজগাঁও থানার দায়ের করা দুইটি ‘ননএফআইআর’ মামলায় আদালতে পৃথক দুইটি প্রতিবেদন দাখিল করেন। ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে গত ১ এপ্রিল মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এলাকা থেকে এবং আসিফ মহিউদ্দিনকে গত ৩ এপ্রিল সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয়।