জয়পুরহাটের পাঁচবিবির গোবিন্দপুরে জামায়াত-শিবির কর্মীরা গত শনিবার রাতে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আওয়ামী লীগ কর্মী সুশীল চন্দ কবিরাজ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার পা ভেঙ্গে গেছে। জামায়াত কর্মীরা তার নাকও কেটে দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুশীল চন্দ কবিরাজকে (৫৬) তার বাড়ির কাছে একদল সন্ত্রাসী পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান পা পুরোপুরি ভেঙ্গে দেয়। কেটে নিয়েছে সুশীলের নাক। পথচারীরা আহত সুশীল চন্দ কে দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ৮টায় তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সুশীলের ছেলে অরুন কবিরাজ অভিযোগ করেন, বাড়িতে আগুন দেয়া ও লুটপাটের ঘটনায় জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই তারা আমাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই আমার বাবার উপর হামলা করে তাকে গুরুতর আহত করেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর হোসেন বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা দেখছি।
