ঢাকা সিটি নির্বাচন ৭ জুলাই

আপডেট : ০২ জুন ২০১৩, ২২:১৬
নির্বাচন কমিশন (ইসি) আজ সোমবার ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (দুই ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে। কমিশন ইতিমধ্যে তফসিলের যে খসড়া করেছে সেই অনুযায়ী আগামী ৭ জুলাই একই দিনে দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পবিত্র রমজান মাস আসন্ন হওয়ায় এবং অন্যান্য আইনগত জটিলতার কারণে তফসিল ঘোষণার পর মাত্র ৩৪ দিনের মধ্যে এই নির্বাচন করতে হচ্ছে কমিশনকে। এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আজ সকাল সাড়ে ১০টায় কমিশনের বৈঠক ডাকা হয়েছে। সুলতানগঞ্জ ইউনিয়নের তফসিলিকরণ নিয়ে যে জটিলতা রয়েছে তা প্রজ্ঞাপন আকারে অবিলম্বে জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগকে গতকালই তাগাদাপত্র দেয়া হয়। এ নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে টেলিফোনে কথা বলেন। বিকালেই এ সংক্রান্ত ত্রুটি সংশোধন করে স্থানীয় সরকার বিভাগ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমপ্রসারিত এলাকা সুলতানগঞ্জ ইউনিয়নকে সিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হলেও ওয়ার্ড বিন্যাস করেনি স্থানীয় সরকার বিভাগ। এই কারণে নির্বাচন নিয়ে আইনি জটিলতা দূর হলেও নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেনি কমিশন। এ বিষয়ে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যে জটিলতা ছিল তা দূর হয়েছে। সুলতানগঞ্জকে ৫৭ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্তিকরণ গেজেট নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে। ডিসিসি নির্বাচন নিয়ে আর কোন বাধা থাকলো না। চলতি সপ্তাহেই ডিসিসি নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ তফসিল ঘোষণার ব্যাপারে সিইসি বলেন, সামনে ঈদ, ডিসিসি নির্বাচন ঈদের পরে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর ঈদের আগে করতে গেলে কি কি সমস্যা হতে পারে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু জাতীয় নির্বাচন অতি নিকটে তাই যত দ্রুত সম্ভব ডিসিসি নির্বাচন সম্পন্ন করা হবে। একটি সূত্র জানায়, গতকালই দুই ডিসিসির তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু সুলতানগঞ্জ ইউনিয়ন নিয়ে স্থানীয় সরকার বিভাগের গেজেটে কিছু ত্রুটির কারণে তা আর হয়নি। আগামী ৯ অথবা ১০ জুলাই থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিঘ্ন সৃষ্টি হতে পারে এই কারণে রমজানের আগেই নির্বাচন করতে চায় ইসি। আজকালের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা না করলে রমজানের আগে নির্বাচন করা সম্ভব হবে না। কেননা হিসাব অনুযায়ী রমজানের আগে কমিশনের হাতে সময় আছে মাত্র ৩৪ দিন। নির্বাচনী প্রচারণায় এতো কম সময় দিয়ে এর আগে কোন সিটি নির্বাচন হয়নি। তারপরেও কমিশন ৭ জুলাই নির্বাচনের সময় নির্ধারণ করেছে খসড়া তফসিলে। কমিশন মনে করছে, এই সময়ের মধ্যে নির্বাচন করতে না পারলে জাতীয় নির্বাচনের আগে আর সিটি নির্বাচন করা হয়তো সম্ভব হবে না। এর আগে ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে ৩৭ দিন সময় রাখা হয়েছিল। সেই হিসাবে তিনদিন বড় কোন সমস্যা নয় বলে মনে করছে কমিশন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে ইতিমধ্যে ঢাকার দুই সিটির ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হয়েছে। সদ্য ঘোষিত সুলতানগঞ্জ ইউনিয়নের সিডিও গতকাল প্রস্তুত করা হয়েছে। গত বছরের ৯ এপ্রিল ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী ওই বছরের ২৪ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি রিট আবেদনে আদালত এর ওপর স্থগিতাদেশ দেয়। গত ১৩ মে সেই রিট খারিজ করে হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করলে আইনি বাধা কাটে। ২০০৭ সালের মে মাসে অবিভক্ত ডিসিসির নির্বাচনের মেয়াদ শেষ হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তর ও ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণ নামে দুই ভাগ হয় ডিসিসি। সর্বশেষ সুলতানগঞ্জ ইউনিয়নকে ঢাকা দক্ষিণ সিটির ৫৭ নম্বর ওয়ার্ডে বিন্যাস করা হলো। ফলে বর্তমানে দুই সিটির ওয়ার্ড সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩- এ। দক্ষিণ সিটির সংরক্ষিত ওয়ার্ড হলো ১৯টি আর উত্তর সিটির সংরক্ষিত ওয়ার্ড ১২টি।