মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি। গতকাল রবিবার বিকালে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট তাকে প্রতিমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঞা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শপথ পাঠ করানোর পর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে নবনিযুক্ত প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম-সচিব আব্দুল ওয়াদুদ।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে বর্তমানে মন্ত্রী রয়েছেন মোট ৩২ জন, আর প্রতিমন্ত্রী ১৯ জন। মন্ত্রিসভার ৫১তম সদস্য হিসেবে মেহের আফরোজ চুমকি গতকাল শপথ দিলেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের ষষ্ঠ নারী সদস্য। চুমকির শপথ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শিরীন শারমিন চৌধুরী গত ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হওয়ায় এ পদটি শূন্য হয়। মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। চলতি সংসদেই তিনি প্রথম জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে সপ্তম সংসদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। মেহের আফরোজ চুমকি প্রয়াত আওয়ামী লীগ নেতা শহীদ ময়েজউদ্দীন আহমদের মেয়ে।
১৯৫৯ সালের ১ নভেম্বর ঢাকায় মেহের আফরোজ চুমকি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এই রাজনীতিবিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহকারী সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
