বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

আপডেট : ০২ জুন ২০১৩, ২২:২০
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশন আজ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় বসছে। এটি চলতি নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। অধিবেশন শুরুর দেড় ঘণ্টা আগে বিকাল চারটায় অনুষ্ঠিত হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ ভবনের দ্বিতীয় লেভেলের এক নম্বর স্থায়ী কমিটির কক্ষে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ বৈঠকে অধিবেশন কত কার্যদিবস পর্যন্ত চলবে তা নির্ধারণ করা হবে। একই সঙ্গে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের প্যানেল সভাপতিদের নাম চূড়ান্ত করা হবে। আর এ সরকারের শেষ বাজেট সংসদে পেশ করা হবে আগামী বৃহস্পতিবার। এদিকে আজ একই সময় সংসদ ভবনে বিরোধীদলের সভাকক্ষে বিরোধী দলীয় সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্রে জানা গেছে, এ বৈঠকে অধিবেশনে যোগদান ও বক্তব্য রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করার কথা রয়েছে। তবে তারা যে চলতি সপ্তাহের চার কার্যদিবসে সংসদ অধিবেশনে যোগদান করছেন না এটা অনেকটা নিশ্চিত। আগামী রবি অথবা সোমবার বিরোধীদল অধিবেশনে যোগদান করবে। সূত্র আরো জানায়, বিরোধী দলীয় এমপিদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা, গ্রেফতার এবং জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাসহ গ্রেফতারের বিষয়টি সংসদে আলোচনায় গুরুত্ব পাবে। এছাড়াও গত চার বছরে সরকারের ব্যর্থতা, রাজনৈতিক সংকট, সভা-সমাবেশের ওপর বিধিনিষেধ প্রসঙ্গও আলোচনায় আসবে। উল্লেখ্য, গত ১৪ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন অর্থ বছরের বাজেট অধিবেশন আহ্বান করেন।