স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাজেট অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধী দল উপস্থিত থাকলে তাদের মুলতবিসহ বিভিন্ন প্রস্তাব বিবেচনা করা হতে পারে। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংসদ পরিচালনার ক্ষেত্রে স্পিকার সিদ্ধান্ত নেবেন। আর সেক্ষেত্রে সবকিছু বিবেচনায় নিয়ে সময় নির্ধারণ করা হবে। তবে সে সিদ্ধান্ত অবশ্যই কারো প্রতি বৈরিতা করে নয়। আমার আহ্বান থাকবে বিরোধী দলীয় সদস্যরা যেন অধিবেশনে আসার পর শেষ পর্যন্ত অর্থাত্ পুরো সময় থাকবেন। তাদের প্রস্তাব গ্রহণ করার অনেক পদ্ধতি রয়েছে। তখন তা বিবেচনা করা হবে। তিনি বলেন, বিরোধী দলকে সুযোগ না দেয়ার কোনো কারণ নেই। আমি ব্যক্তি শিরীন শারমিন না, স্পিকার পদটি নিরপেক্ষ। এখানে কাউকে বঞ্চিত করা হবে না। এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদে বক্তব্য রাখার ব্যাপারে বিরোধী দলীয় নেতার অগ্রাধিকার তো থাকবেই। তিনি কথা বলবেনই। বিরোধী দল অধিবেশনে যোগদান করার পর যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে মুলতবি প্রস্তাব দেয় তাহলে সেটি গ্রহণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে কোন কিছু বলাটা ঠিক হবে না। বিরোধী দল আগে অধিবেশনে যোগদান করুক। মুলতবি প্রস্তাব দেয়ার অনেক পদ্ধতি রয়েছে। কিভাবে সে প্রস্তাব গ্রহণ করা হবে তা তখন বিবেচনা করা হবে।
আজ থেকে শুরু হওয়া অধিবেশনে বাজেটের বাইরে অন্য কোন বিষয়ে বিরোধী দল আলোচনা করতে চাইলে তার কী সুযোগ রয়েছে? জবাবে স্পিকার বলেন, অন্য কোনো আলোচনার জন্য আলাদা অধিবেশন আহ্বানের সুযোগ রয়েছে। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি পরামর্শ করে আলাদা অধিবেশন ডাকবেন।
