গত কয়েকদিন ধরেই ফিরোজা বেগমের অসুস্থতার খবর মিডিয়াতে আসছিল। এ নিয়ে তার দুই সন্তান হামিন আহমেদ ও শাফিন আহমেদসহ পরিবারের সকলেই বেশ উত্কণ্ঠায় ছিলেন। তারা মায়ের এই অসুস্থতার কারণে নিজেদের রেকর্ডিংসহ স্টেজ শোও পিছিয়েছেন। অবশেষে হাসপাতালে ভর্তির ১৯ দিন পর গত শনিবার রাতে ইন্দিরা রোডের বাসায় ফিরেছেন বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম। শারীরিক অবস্থা ভালো হওয়ার পর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে বাসায় আনা হয়। চিকিত্সক জানান, অস্ত্রোপচারের পর তিনি এখন পুরোপুরি আশঙ্কামুক্ত। ফিরোজা বেগম এখন সবার সঙ্গে কথা বলতে পারছেন। তার দুই ছেলে সংগীতশিল্পী শাফিন আহমেদ ও হামিন আহমেদ বলেন, ‘তিনি এখন অনেকটা সুস্থ। চিকিত্সব আম্মার পরিপূর্ণ সুস্থতার জন্য ঘরে বিশ্রাম নেওয়ার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, এ দেশে নজরুল চর্চাকে এক অনন্য অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ফিরোজা বেগমের বিশাল ভূমিকা রয়েছে। সর্বশেষ চ্যানেল আই নজরুল মেলাটিও আয়োজক কর্তৃপক্ষ ফিরোজা বেগমকে উত্সর্গ করেন। সুস্থতার পর স্বাভাবিক জীবনে আবারও ফিরোজা বেগম তার নতুন গানের ছন্দে ফিরে আসুক এ প্রত্যাশা এখন তাই সকলের।
