গড়পরতা সামাজিক যোগাযোগের বিপরীতে মানুষ যেখানে ক্রমে ক্রমে সামাজিক যোগাযোগের উপরই বেশি নির্ভর হয়ে পড়ছে সেখানে তার জীবনের নানা অনুষঙ্গেও জড়িয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগের সাইটগুলো। আর মানুষের যাপিত জীবনের এই পরিবর্তনকে গুরুত্ব দিয়েই এবার ফেসবুকের টাইমলাইন (যেখানে ব্যবহারকারীর সকল কর্মকাণ্ড, স্ট্যাটাস, ছবি বা কমেন্টের বিবরণ থাকে) এ থাকা তথ্য ব্যবহার করে আত্মজীবনীমূলক বই তৈরি করে দেওয়ার সুযোগ নিয়ে এসেছে লাইকবুক নামের একটি প্রতিষ্ঠান। এর ফলে একজন ফেসবুক ব্যবহারকারী খুব সহজেই ফেইসবুক টাইমলাইন থেকে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বা মুহূর্ত যেমন জন্মদিন, বিয়ে, ভ্রমণ এবং অন্যান্য স্মরণীয় মুহূর্তকে ছাপানো বই-এ রূপান্তর করতে পারবেন। নতুন এই সেবার মাধ্যমে মূলত ফেসবুকের ক্লাউড স্পেসে সংরক্ষিত ব্যবহারকারীর নানা তথ্যেরই একটি বাছাই সংকলন তৈরি করা যাবে এবং এখানে কোন কোন বিষয় ব্যবহারকারীরা তার ফেসবুক বইয়ে দেখতে চান তা নির্ধারণ করে দেওয়া যাবে লাইকবুক নামের একটি অপশনের সাহায্যে। কাজেই আপনার নানা সময়ে দেওয়া স্ট্যাটাস বা সেই স্ট্যাটাসের উপর করা বন্ধুদের মন্তব্যের কোন কোনটি আপনি রাখতে চাইছেন এবং কোনটি চাইছেন না, কিংবা ট্যাগ করা কোন ছবিটি আপনি আড়ালে রাখতে চাইছেন এগুলো সহজেই নিজের পছন্দমতো বাছাই করে দেওয়া যাবে। যদিও নির্ধারিত কোনো তারিখ থেকে শুরু করা এই অনলাইন ভিত্তিক জীবনী কতটা সমৃদ্ধ হবে তা সম্পূর্ণরূপেই নির্ভর করবে ব্যবহারকারীর আর্কাইভে কী পরিমাণ বিষয়বস্তু অন্তর্ভূক্ত রয়েছে তার উপর। আর অনলাইনের গণ্ডি ছাড়িয়ে কেউ যদি তার এই সামাজিক যোগাযোগ নির্ভর জীবনীটিকে দেখতে চান ছাপার অক্ষরেও তাহলে তাকে বইয়ের আকার ভেদে দিতে হবে ১২ ডলার থেকে ১৩৭ ডলার অবদি এবং এ ধরনের বইগুলোর পৃষ্ঠাসংখ্যা হতে পারে ২৫ পৃষ্ঠা থেকে ৫০০ পৃষ্ঠা পর্যন্ত।
