গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৩ জুন ২০১৩, ২০:০৯
যেকোনো স্বাদের লোভনীয় চকোলেট মুখে পুড়তে হলেই সেটিকে আগে প্যাকেট থেকে খুলে বের করতে হয় বা এর মোড়কটি ছাড়াতে হয়। চকোলেট খাবার সাথে এই বিষয়টা এতোটাই ওতোপ্রোতভাবে জড়িত যে এ নিয়ে কেউ কখনো আলাদা করে কিছু ভাবেন না। আর আমাদের ভাবনার বাইরে থাকা এই কাজটি নিয়েই এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আমেরিকার টার্লেটন স্টেট ইউনিভার্সিটির ‘দ্য স্কুল ওয়াইড অ্যাক্টিভিটিস টিম’ নামে পরিচিত শিক্ষার্থীদের একটি দল। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদেরকে আরও একবার তাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিয়ে কিছুটা মজাদার ও অতুলনীয় সময় উপহার দিতেই এই টিমের পক্ষ থেকে সম্প্রতি টেক্সাসের স্টিফেনভিলে একইসাথে চকোলেটের মোড়ক ছাড়ানোর একটি খেলার আয়োজন করা হয়। আর এই আয়োজনে সবমিলিয়ে ৬১৪ জন শিক্ষার্থীর সম্মিলিত অংশগ্রহণই এই আয়োজনটিকে গিনেজের পাতায় সবচেয়ে বেশি মানুষের একসাথে চকোলেটের মোড়ক খোলার আয়োজন হিসেবে স্বীকৃতি পাইয়ে দিয়েছে।