রাতে স্বামী-স্ত্রী ঝগড়া, সকালে স্বামীর লাশ উদ্ধার

আপডেট : ১০ মে ২০১৯, ২০:২৯

রংপুরের মিঠাপুকুরে স্ত্রীর প্রতি অভিমান করে রায়হান মিয়া (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার আম গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়হান উপজেলার মির্জাপুর ইউনিয়নের পুটিমারি গ্রামের ইউপি সদস্য জোব্বার মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, একই গ্রামের ইউনুস আলীর মেয়ে রুমি বেগমের সঙ্গে রায়হান মিয়ার বিয়ে হয় পাঁচ বছর আগে। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে সন্তানের জন্ম হয়। বিয়ের চার বছর পর আবারও নতুন করে বিয়ে রেজিস্ট্রি করে দেনমোহর করা হয় তিন লাখ টাকা। এরপর থেকে দেনমোহরের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরদিন শুক্রবার সকালে বাড়ির পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় রায়হানের লাশ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। 

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আপাতত এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে, পারিবারিক কলহ এ আত্মহত্যার কারণ বলে ধারনা করা হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচ