‘ইয়াবা সম্রাট’ আমিন হুদা কারাগারে

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:৪৫
‘ইয়াবা সম্রাট’ আমিন হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আমিন হুদা ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করলে বিচারক মো. মোতাহার হোসেন এ আদেশ দেন। এ সময় তার জামিনের আবেদন করা হলে বিচারক তা নাকচ করেন। এ মামলায় গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান আমিন হুদা। হাইকোর্টের দেয়া এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ গত ৫ মে তার জামিন বাতিল করে পরবর্তী ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। উচ্চ আদালতের এই রায়ের প্রেক্ষিতেই আমিন হুদা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম জানান, আমিন হুদা শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে কারাগারে চিকিত্সা সুবিধা চেয়ে আবেদন করা হলে আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। নথিসূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় বিভিন্ন ধারায় গত বছরের ১৫ জুলাই আমিন হুদাকে মোট ৭৯ বছরের কারাদণ্ড দেন এই ট্রাইব্যুনাল। এছাড়া আসামিকে সশ্রম দণ্ডের পাশাপাশি অতিরিক্ত ৭ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৬ বছর অতিরিক্ত কারাদণ্ড প্রদানেরও নির্দেশ দেন আদালত। তবে দুই মামলায় একসঙ্গে সাজা হওয়ায় তাকে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক হাসানকে গ্রেফতার করে র্যাব।