রাজধানীতে পৃথক ঘটনায় এক গৃহবধূসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার এসব ঘটনা ঘটে। এরা হলেন নার্গিস আক্তার, আজগর আলী ও আবদুল করিম। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব রামপুরার কুঞ্জ রোডের একটি বাড়িতে রান্না করছিলেন নার্গিস নামে এক গৃহবধূ। হঠাত্ রান্নাঘরের দেয়াল ধসে তার শরীরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
অপর ঘটনায় সোমবার ভোর ছয়টার দিকে মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে ট্রাকের ধাক্কায় আজগর আলী নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। পেছনে বসে থাকা অপর আরোহী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আজগরকে মৃত ঘোষণা করেন। অন্যজন চিকিত্সা নিচ্ছেন। নিহতের বাবার নাম আবদুল আলী। গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ার পাইপুরা গ্রামে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ১৩৮ নম্বর বাড়িতে সপরিবারে থাকতেন।
এদিকে সকাল পৌনে ৯টার দিকে চকবাজারের ইসলামবাগে বিদ্যুত্স্পৃষ্টে আবদুল করিম নামে এক শ্রমিক মারা গেছেন। তিনি সকালে স্থানীয় আবদুল মালেকের মায়ের দোয়া নামে একটি পলিথিন কারখানায় কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।
