আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত প্রধান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, তুচ্ছ কারণে সংসদ বর্জন করবেন না। সংসদে এসে নিজের বক্তব্য রাখেন, সেই সাথে অন্যের কথা শুনুন। বিগত দিনের মত প্রায় দুই ঘণ্টা বক্তৃতা করে চলে যাবেন না। নিজে যেমন সমালোচনা করবেন তেমনি অন্যের সমালোচনার তীরও আপনার ওপরে আসবে এবং তা সহ্য করতে হবে।
সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী ঢাকা জেলা শাখার আয়োজিত ‘সংসদ অধিবেশন-বিরোধী দলের যোগদান, দেশবাসীর ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু একাডেমী ঢাকা জেলা শাখার সভাপতি ফাতেমা জামান সাথীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার, বঙ্গবন্ধু একাডেমীর নেতা হুমায়ন করিম মিজি, আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।
