উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্ চালের মোকাম নওগাঁর মহাদেবপুরে বিদ্যুত বিভ্রাট ও লোভোল্টেজের কারণে চাল উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে এ মোকাম থেকে চাহিদা মত বাজারে চাল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের অভাবে প্রয়োজনমত চাল উত্পাদন করতে না পারায় চালের ভরা মৌসুমেও বৃহত্ এই মোকামে কমছে না চালের দাম। এই মোকামে চালের দাম না কমায় এর নেতিবাচক প্রভাব পড়ছে রাজধানী ঢাকাসহ চালের বিভিন্ন বাজারে। খাদ্য বিভাগের মতে রাজধানীর চালের চাহিদার শতকরা প্রায় ৫০ ভাগ পূরণ হয় নওগাঁর চাউল কলগুলোতে উত্পাদিত বিভিন্ন জাতের চাল দিয়ে। আর নওগাঁর সর্ব বৃহত্ চাল কলগুলো অবস্থিত মহাদেবপুর উপজেলায়। এ উপজেলায় ৫শ’র অধিক ছোট-বড় চাউল কল রয়েছে এর মধ্যে ৫৭টি বৃহত্ অটো চাউল কল। উপজেলায় অবস্থিত বেশ কয়েকটি চাউল কল প্রতিদিন ৭ হাজার থেকে ৮ হাজার মণ চাল উত্পাদন করে থাকে। বিদ্যুতের লোডশেডিং ও লোভোন্টেজের কারণে দিনের বেশির ভাগ সময়ই এই উপজেলার বড় বড় চাউল কলগুলো এখন বন্ধ থাকছে। ফলে প্রতিদিনই চাল উত্পাদন ব্যাহত হচ্ছে। চাউল কলগুলোতে ধানের প্রচুর যোগান থাকা সত্ত্বেও বাজারে চাহিদা মত চাল সরবরাহ সম্ভব হচ্ছে না। উপজেলা চাউল কল মালিক সমিতির সাবেক সভাপতি কানাই লাল ভদ্র জানান, গত ১ সপ্তাহ ধরে বিদ্যুতের ব্যাপক সংকট দেখা দিয়েছে। মহাদেবপুর পল্লী বিদ্যুত্ অফিস সূত্রে জানা গেছে, ৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩ মেগাওয়াট। এ কারণে লোডশেডিং হচ্ছে।
