সম্প্রতি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মহাসেনে বিধ্বস্ত ঘর পুনর্নির্মাণের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে বরগুনা জেলায় ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে প্রেরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গত ১ জুনের পত্রে একইসঙ্গে পটুয়াখালী ও ভোলার দুর্গতদের জন্য ২০ কোটি টাকাসহ মোট ৩০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ টাকা শুধুমাত্র মহাসেনে বিধ্বস্ত দরিদ্র ও অসহায়দের বাড়িঘর পুনর্নির্মাণে ব্যয় করা হবে। প্রতিটি ঘরের জন্য সর্বোচ্চ বরাদ্দ ২০ হাজার টাকা। এ কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক, একজন নির্বাহী মেজিস্ট্রেট, উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে সদস্য এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।
