শ্রীলংকার হিমাগারে বাংলাদেশির লাশ

আপডেট : ০৩ জুন ২০১৩, ২২:২০
গত ফেব্রুয়ারি মাসে শ্রীলংকার নৌ-বাহিনী সাগর থেকে বাংলাদেশি যুবক রাসেলের (২০) লাশ উদ্ধার করে অলোভিল হার্বার এলাকার একটি হাসপাতালের হিমাগারে রেখেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ জানুয়ারি টেকনাফের নোয়াপাড়ার নুর আহমদের পুত্র সাদ্দাম হোসেন নামের এক দালাল ও শরীফ মাঝির মাধ্যমে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারটিকে নাসাকা বাহিনী ধাওয়া করলে তারা সাগরের দক্ষিণ দিকে পালিয়ে যায়। তারপর থাইল্যান্ডের নৌ-বাহিনীর সদস্যরা পিটুনি দিয়ে তাদের ছেড়ে দেয়। এভাবে সাগরে চলতে চলতে তাদের জ্বালানি ফুরিয়ে যায়। ২৪ দিন পর শ্রীলংকার নৌ-বাহিনী ট্রলারটি থেকে মুমূর্ষু অবস্থায় ১৩৮ জন বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিককে উদ্ধার করে শ্রীলংকা হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে থেকে দেশে ফেরত আসা এরশাদ উল্লাহ ও আজিজুল হক জানায়, উদ্ধারের সময় রাসেল মৃত অবস্থায় ছিল। ময়না তদন্ত রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় রাসেলের লাশ বাংলাদেশে আনা যাচ্ছে না বলে জানা গেছে। সূত্র জানায়, ১৯ মে শ্রীলংকা থেকে ৬১ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরত এলেও হতভাগা রাশেলের মরদেহ ৪ মাসেও ফেরত আনা যায়নি। নিহত রাসেল কক্সবাজারের মহেশখালী পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ঘোনা পাড়ার মোহাম্মদ ইউনুচের পুত্র। রাসেলের পরিবার লাশ ফেরত পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা কামনা করছেন।